অ্যাপে এমএলএম ফাঁদপাতা চক্রের সাত সদস্য গ্রেফতার

১২ ডিসেম্বর, ২০২১ ১৭:১৪  
মোবাইল অ্যাপস ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধভাবে এমএলএম ব্যবসা করে আসছিল একটি চক্র। বছরে তিনগুণ মুনাফার প্রলোভন দিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে চালাতো প্রচারণা। বেশ কিছুদিন নজরদারির পর এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রের মূলহোতা মো. মাহাদী হাসান মল্লিক, মিজানুর রহমান ওরফে ব্রাভো মিজান ও মো. আবুল হোসেন পুলকসহ সাতজনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে সিআইডি। রোববার দুপুরে সিআইডির সদর দফতরে এই চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো) ইমাম হোসেন। কিছুদিন আগেও গ্রেফতারকৃতদের ৫-৬ জন কক্সবাজারের বিলাসবহুল একটি হোটেলে প্রোগ্রাম করে সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করে বলে জানান সিআইডির কর্মকর্তারা। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল, ২০টি সিমকার্ড, একাধিক ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, নগদ ৬২ হাজার টাকা ও বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।